বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদ! আবেদনকারীদের ট্রাইব্যুনালেই আস্থা রাখতে বলল সুপ্রিম কোর্ট
বাংলার ভোটার তালিকা আপাতত ‘ফ্রিজ’ অবস্থাতেই রয়েছে। বিবেচনাধীন তালিকা থেকে বহু নাম বাদ পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে সোমবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাইব্যুনালে ‘বৈধ’ হিসেবে স্বীকৃতি পাওয়া ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়েই জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। বরং ট্রাইব্যুনালের উপরেই আস্থা রাখতে বলেছে আদালত। শুনানিতে স্পষ্ট জানানো হয়েছে, ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আবেদনকারীদের সেখানেই যেতে হবে।


এসআইআর প্রক্রিয়ার পর রাজ্যে প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় দফার ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ’ করা হয়েছে, যা এখন আর পরিবর্তনযোগ্য নয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে এবং কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই তালিকা থেকে বাদ পড়েছেন তাঁরা।
এই নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হলেও শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। বরং আবেদনকারীদের ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়। শুনানির সময় আদালত মন্তব্য করে, ”জুডিশিয়ল অফিসারদের ভুল হতেই পারে, কিন্তু এভাবে ব্যক্তিগত টার্গেট করা উচিৎ নয়।” পাশাপাশি আদালত এটাও জানায়, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মতো দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে সাধারণ ভোটাররা সমস্যায় পড়ছেন।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দফায় মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন পুরুষ, ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন মহিলা এবং ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল, যেখানে বাকি ১৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলাভিত্তিক হিসাবে প্রথম দফায় মুর্শিদাবাদে সর্বাধিক ৫০ লক্ষ ২৬ হাজার ভোটার রয়েছেন। পূর্ব মেদিনীপুরে ৪১ লক্ষ ৬০ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ৩৭ লক্ষ ৭০ হাজার ভোটার রয়েছে। অন্যদিকে, কালিম্পং জেলায় সবচেয়ে কম, মাত্র ২ লক্ষ ১ হাজার ভোটার রয়েছেন। বহু মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তার আবহেই এদিন ট্রাইব্যুনাল কেন্দ্র পরিদর্শন করেন বিচারপতিরা।











