কাজ ফেলে আড্ডা! ‘হাইভোল্টেজ’ ভবানীপুরে তিন আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের
ভোটের আগে আবারও কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভবানীপুরে ফ্লাইং স্কোয়াডে দায়িত্বে থাকা তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের আজ মঙ্গলবারের মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।


আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৫২টি আসনে ভোট হবে। এই তালিকায় উত্তরবঙ্গের সব আসনের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু কেন্দ্র রয়েছে। ফলে ভোটের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কমিশন। এর মধ্যেই ‘হাইভোল্টেজ’ ভবানীপুরে দায়িত্বে থাকা তিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল এবং সৌভিক নন্দীকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, ওই তিন আধিকারিক ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে ছিলেন। অভিযোগ, ১৭ তারিখ রাত ৯টা থেকে ১৮ তারিখ সকাল ৭টা পর্যন্ত তাঁদের ডিউটি ছিল। কিন্তু সেই সময় কোনও প্রয়োজনীয় কাজ না করে তাঁরা ভবানীপুর থানার সামনে বসে ছিলেন। আয়-ব্যয় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আধিকারিকের আচমকা পরিদর্শনে বিষয়টি সামনে আসে। এরপরই এই নিয়ে অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে এবং সেই ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রথম দফার ভোটকে ঘিরে এখনও পর্যন্ত রাজ্যের আটটি জেলাকে বিশেষভাবে নজরে রেখেছে নির্বাচন কমিশন, যেগুলিকে ইতিমধ্যেই অতি স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কুচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। গত ১৫ বছরের নির্বাচন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।












