রাহুলের মৃত্যুর শোকে টালমাটাল টলিউড, শুটিং স্থগিত রাখলেন প্রসেনজিৎ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির শিল্পী ও টেকনিশিয়ানরা একসঙ্গে পরিবারের মতো পাশে দাঁড়িয়েছেন। প্রয়াত অভিনেতার ন্যায়বিচারের দাবিতে যেমন সরব হয়েছেন তাঁরা, তেমনই ভবিষ্যতে শিল্পীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে একজোট হয়েছেন সকলে।

সিনিয়র শিল্পীরা জুনিয়রদের পাশে থেকে মানসিকভাবে ভরসা জোগাচ্ছেন। শিল্পীদের বিভিন্ন সমস্যার সমাধানে আর্টিস্ট ফোরামকেও একাধিকবার বৈঠকে বসতে হচ্ছে। এমন পরিস্থিতিতেই ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুটিং বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৯ এপ্রিল যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’-এর অধীনে ‘অভিমান’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল প্রসেনজিতের। তবে রাহুলের মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে এবং শিল্পীদের নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার জেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইন্ডাস্ট্রির অভিভাবকরা। শুরু থেকেই ‘বুম্বাদা’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ অনুজদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
আর্টিস্ট ফোরামের একজন সিনিয়র সদস্য হিসেবে সাম্প্রতিক বৈঠকেও বহু সমস্যার কথা তাঁর সামনে তুলে ধরা হয়েছে। দেব যেমন টলিউডে নিষিদ্ধ শিল্পীদের পুনরায় কাজের সুযোগ করে দিতে প্রসেনজিতের সাহায্য চেয়েছেন, তেমনই ম্যাজিক মোমেন্টস প্রযোজিত বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিকগুলির অভিনেতারাও বুধবার তাঁর দ্বারস্থ হন সমস্যার সমাধানের আশায়।
এই পরিস্থিতিতে ঘনিষ্ঠ সহকর্মী রাহুলের মৃত্যুতে শোকাহত অবস্থায় শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানা গিয়েছে। সেই কারণেই আপাতত যিশু প্রযোজিত ‘অভিমান’ ছবির শুটিং স্থগিত রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
খবর অনুযায়ী, বৃহস্পতিবার মহাজাতি সদনে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবির শুটিং করার কথা ছিল তাঁর। কিন্তু বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগেভাগে ভেন্যু বুক করা থাকলেও শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয় প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে, প্রসেনজিৎ, যিশু এবং সৌরভ সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রযোজক সৌরভ দাস জানিয়েছেন, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক থেকে এখনও বেরোতে পারেননি বুম্বাদা, যিশু সেনগুপ্ত এবং তিনি নিজেও। এই অবস্থায় কাজে ফেরার মতো মানসিক প্রস্তুতি তাঁদের কারও নেই। ফলে পরবর্তীতে নতুন করে শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা হবে।
অন্যদিকে, ম্যাজিক মোমেন্টস নিষিদ্ধ হওয়ায় বিপাকে পড়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’-সহ একাধিক ধারাবাহিক। আচমকা সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সিরিয়ালের অভিনেতা ও কলাকুশলীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জীবিকা কীভাবে চলবে, সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে।
এই পরিস্থিতি নিয়ে বুধবার টেকনিশিয়ানস স্টুডিওতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, বৈঠকে তাঁর আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন ‘নিষিদ্ধ’ ধারাবাহিকের অভিনেতারা। প্রসেনজিতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়াও জানিয়েছেন রাজা গোস্বামী, ভিভান ঘোষরা।












