‘ধুরন্ধর’-এর ঝড়ে উড়ল ‘পুষ্পা-বাহুবলী’, ৩০০০ কোটিতে বলিউডের ইতিহাস

মুক্তির পর প্রায় একমাস পেরিয়ে গেলেও বক্স অফিসে দাপট অব্যাহত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর। প্রথম সপ্তাহ থেকেই এই ছবির সাফল্যের যাত্রা শুরু হয়েছিল এবং সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের সাফল্য দেখে আগেই অনুমান করেছিলেন সিনে-বিশেষজ্ঞরা যে, দ্বিতীয় ভাগও সমানভাবে সফল হবে। ১৯ মার্চ মুক্তির মাত্র চার সপ্তাহের মধ্যেই সেই পূর্বাভাস বাস্তব রূপ নেয়। মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করে ফেলে সিক্যুয়েলটি।

তৃতীয় সপ্তাহে ‘বক্স অফিসের বাপ’ তকমা পাওয়ার পর চতুর্থ সপ্তাহেও সেই আধিপত্য বজায় রেখেছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। প্রায় তিন হাজার কোটির ব্যবসা ছুঁয়ে দক্ষিণী ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’ ও ‘বাহুবলী’-র রেকর্ড ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যা বলিউডের জন্য এক উল্লেখযোগ্য সাফল্য।
মার্চ মাসে দেশজুড়ে ২১,৭২৮টি স্ক্রিনে মুক্তি পায় এই ছবি। মুক্তির প্রথম দিনেই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করে এটি একাধিক বড় বাজেটের এবং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দক্ষিণী ছবির রেকর্ড ভেঙে দেয়। রণবীর সিং অভিনীত এই ছবিটি দ্রুতই সর্বকালের সর্বোচ্চ আয়ের হিন্দি ছবির তালিকায় জায়গা করে নেয়।
সম্প্রতি সিনে-বাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিক-এর রিপোর্টে উঠে এসেছে চমকপ্রদ তথ্য ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব এবং ২০২৬ সালের মার্চে মুক্তি পাওয়া দ্বিতীয় পর্ব মিলিয়ে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় দাঁড়িয়েছে ৩০১৯.৩৫ কোটি টাকা, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ উভয় ফ্র্যাঞ্চাইজির মোট আয়ের থেকেও বেশি। উল্লেখযোগ্যভাবে, এই দুই দক্ষিণী ফ্র্যাঞ্চাইজিও দু’টি ভাগে মুক্তি পেয়েছিল এবং আন্তর্জাতিক স্তরে বিপুল সাফল্য অর্জন করেছিল। তবুও সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
স্যাকনিক-এর তথ্য অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের আয় ছিল ১,৩০৭.৩৫ কোটি টাকা, আর দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই দেশে ১,৭১২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে দুই অংশ মিলিয়ে মোট আয় ৩০০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। তুলনায়, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ২৪৩৮ কোটি টাকা এবং আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির আয় ২০৯২.২০ কোটি টাকা। এই হিসেবে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’-কে পিছনে ফেলে ভারতের সর্বাধিক আয়ের ফ্র্যাঞ্চাইজি হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
এতেই শেষ নয় নতুন আরও একাধিক নজির গড়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ‘ধুরন্ধর’ ভারতের প্রথম সিনেমা সিরিজ, যার দুইটি অংশই হাজার কোটির বেশি ব্যবসা করেছে। পাশাপাশি সেন্সরের A সার্টিফিকেট পাওয়া কোনও ছবির ক্ষেত্রেও এত বিপুল আয়ের ঘটনা এই প্রথম। বিশ্বজুড়ে এখনও ঝড়ের গতিতে ব্যবসা করে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।












