প্রিয়াঙ্কার প্রচারে বাধা, ধাপায় রাজনৈতিক উত্তেজনা চরমে

এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারকে ঘিরে উত্তেজনা ছড়াল ইএম বাইপাস সংলগ্ন ধাপা এলাকায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড, এবং তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে রয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করেছেন এন্টালির তৃণমূল প্রার্থী।

ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মঙ্গলবার সকালে প্রচারের উদ্দেশ্যে ধাপা এলাকায় পৌঁছন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ, তিনি কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় ঢুকতেই একটি দল তাঁদের আটকে দেয় এবং ‘জয় বাংলা’ স্লোগান তোলে। এর জবাবে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। দুই পক্ষের স্লোগান যুদ্ধ থেকেই উত্তেজনা চরমে পৌঁছয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় এবং দলের পতাকা ও ব্যানার নষ্ট করে দেয়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপিও। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে কমিশনের টিম এসে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি শান্ত করে। ঘটনায় মোট ৬ জনকে আটক করা হয়েছে।
এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “এরা দীর্ঘদিন ধরেই অশান্তির চেষ্টা করছে। আমি ৫ দিন আগে এদের মধ্যে ৫ জনের নাম থানায় দিয়েছি। দলে ২-৩ জন মহিলাও আছে। থানা জানত আমি আজ এই এলাকায় আসব। ওসির সঙ্গে কথা হয়েছিল। তা সত্ত্বেও এই ঘটনা।” এপ্রসঙ্গে এন্টালির তৃণমূল প্রার্থী বলেন, “উনি মানুষকে উত্যক্ত করছে। একেক দিন এক এক এলাকায় গিয়ে অশান্তি পাকাচ্ছেন। আমরা এলাকায় শান্তি রাখার চেষ্টা করছি।”












