জঙ্গলমহলে মোদির ঝড়, রবিবার একদিনে চার সভা
আবারও (West Bengal Assembly Election) প্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার তাঁর গন্তব্য জঙ্গলমহল অঞ্চল, যেখানে মূল লক্ষ্য আদিবাসী ভোটব্যাঙ্ক। আগামী রবিবার জঙ্গলমহলের একাধিক জেলায় ধারাবাহিক প্রচারসভা করবেন তিনি। বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর এই চার জায়গায় সভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলায় একদিনে চারটি জনসভা করার ঘটনা খুবই বিরল, আর এবার সেই রেকর্ড গড়তে চলেছেন মোদি।


সূত্রের খবর, শনিবার রাতেই অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি দুর্গাপুরে রাত্রিযাপন করবেন। পরদিন রবিবার সকালে বাঁকুড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। বড়জোড়ায় সকাল ১১টা নাগাদ তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। এরপর পুরুলিয়ার বলরামপুর বিধানসভা এলাকায় দ্বিতীয় সভা করবেন, যা শুরু হওয়ার কথা দুপুর ১২টা ৪৫ মিনিটে। তৃতীয় সভাটি নির্ধারিত হয়েছে ঝাড়গ্রামে, যেখানে দুপুর ২টো ৪৫ মিনিটে তিনি বক্তব্য রাখবেন। দিনের শেষ তথা চতুর্থ সভা অনুষ্ঠিত হবে মেদিনীপুরে।
এছাড়াও, আগামী ২৩ এপ্রিল হাওড়ার বেলুড়মঠ পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত একটি রোড শো করার পরিকল্পনাও রয়েছে তাঁর। একই দিনে নদিয়ার কৃষ্ণনগরেও একটি জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
রাজ্যে ভোটের আবহ ক্রমশ তীব্র হচ্ছে। প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র পাঁচ দিন বাকি। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষত প্রধানমন্ত্রী মোদি, ঘন ঘন রাজ্যে এসে প্রচার চালাচ্ছেন। নির্বাচনের প্রাক্কালে একদিনে একাধিক সভা করে প্রচারের গতি বাড়াতে চাইছে বিজেপি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, মোদিই নাকি বাংলার ২৯৪টি আসনে বিজেপির মুখ। ‘সোনার বাংলা’ গড়ার বার্তা তুলে ধরে ফের রাজ্যে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী। এবারে তাঁর মূল ফোকাস জঙ্গলমহলের আদিবাসী ভোট।












