ঝটিকা সফরে কলকাতায় শাহ, শনিবারই তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’

শুক্রবার রাতেই সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করতে চলেছে বিজেপি। জানা গেছে, নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে দুপুর ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে এই ‘চার্জশিট’ পেশ করবেন তিনি। কর্মসূচি শেষ করেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে ধরার প্রস্তুতি নিয়েছে বিজেপি। এই অভিযোগপত্রকেই দল ‘চার্জশিট’ নাম দিয়েছে। দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার অবনতি, কর্মসংস্থানের সংকট, প্রশাসনিক দুর্বলতা এসব বিষয়কে সামনে এনে সরব হতে চলেছেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন-সহ একাধিক বিষয়ও এই ‘চার্জশিট’-এ অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। মূলত এই নথি প্রকাশ করতেই তাঁর এই সংক্ষিপ্ত সফর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই তাঁর বিমান কলকাতায় নামবে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি সরাসরি পাঁচতারা হোটেলে যাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। শনিবার দুপুরে নির্ধারিত সাংবাদিক বৈঠকে এই কর্মসূচি সম্পন্ন হবে।
সূত্রের খবর, শনিবার ‘চার্জশিট’ প্রকাশের পর আগামী এপ্রিল মাসের ২ বা ৩ তারিখ বিজেপি তাদের ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমে রাজ্যের সমস্যাগুলি তুলে ধরে ‘চার্জশিট’ আনা হবে, এরপর সেই সমস্যার সমাধানের রূপরেখা ইস্তেহারে তুলে ধরবে বিজেপি। তবে ইস্তেহার প্রকাশের সময় অমিত শাহ উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে অন্য কোনও কেন্দ্রীয় নেতৃত্বকে আনার পরিকল্পনা চলছে।
উল্লেখ্য, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে ভিত্তি করে ইতিমধ্যেই বিজেপি পৃথকভাবে ‘চার্জশিট’ পেশ করেছে। প্রতিটি কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সেই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার অমিত শাহের হাত ধরেই রাজ্যস্তরে এই ‘চার্জশিট’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চলেছে বিজেপি।












