বন্দে ভারতের খাবারে পোকা, ১০ লক্ষ টাকার জরিমানা গুনতে হচ্ছে আইআরসিটিসিকে

বন্দে ভারত এক্সপ্রেসে পরিবেশিত খাবারে পোকা মেলার ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। সেই ঘটনার জেরে কড়া পদক্ষেপ করেছে রেলমন্ত্রক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনে দেওয়া দইয়ের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে।

সূত্রের খবর, গত ১৫ মার্চ রিতেশকুমার সিং নামে এক যাত্রী পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রাকালে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার হাতে পেতেই তিনি চমকে ওঠেন। দইয়ের মধ্যে পোকা দেখতে পান তিনি। শুধু তাই নয়, খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ওই যাত্রী। এরপর বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের নজরে আনা হয়। অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে এসে টর্চের আলো ফেলে দই পরীক্ষা করেন। দূর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল, দইয়ের ভিতরে পোকা রয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরমে ওঠে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পদক্ষেপ নেয় রেলমন্ত্রক। আইআরসিটিসিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সার্ভিস প্রোভাইডারের উপর ৫০ লক্ষ টাকার জরিমানা চাপানো হয়েছে এবং তাদের সঙ্গে চুক্তিও বাতিল করা হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘যাত্রী নিরাপত্তা ও মান বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।’
উল্লেখযোগ্যভাবে, বন্দে ভারত এক্সপ্রেসের খাবার নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে। অতীতেও খাবারে পোকা মেলার ঘটনা সামনে আসায় বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় ছবিগুলি ভাইরাল হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অভিযোগ সামনে আসার পর রেলের তরফে ‘রেলওয়ে সেবা’ তাদের এক্স হ্যান্ডেলে ক্ষমা প্রার্থনাও করেছিল।
এর মধ্যেই সম্প্রতি হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের একটি ট্রেনে উদ্বোধনের পর নোংরা অবস্থার ছবি সামনে আসে। ঝকঝকে কোচের ভিতরে ছড়িয়ে ছিল প্লাস্টিকের প্যাকেট ও অন্যান্য আবর্জনা। এই ঘটনাকে ঘিরে যেমন যাত্রীদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছিল, তেমনই কর্তৃপক্ষের নজরদারির ঘাটতি নিয়েও সমালোচনা শুরু হয়।












