‘রমজানে রাম, দিওয়ালিতে আলি’ রেড রোডে ঐক্যের ডাক তৃণমূলের
কলকাতার রেড রোডে ইদের নামাজকে কেন্দ্র করে উঠে এল সম্প্রীতি ও ঐক্যের বার্তা। একইসঙ্গে এসআইআর (West Bengal SIR) এবং বিভেদের রাজনীতি নিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে নাম বাদ পড়ার ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, অভিষেকও ঐক্য ও সম্প্রীতির উপর জোর দেন।


এসআইআর প্রক্রিয়ায় নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডের নামাজের মঞ্চ থেকেই তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “আরব গিয়ে ওদের সঙ্গে গলা মেলান। দেশে ফিরে আপনার কাটার কথা মনে পড়ে। সবার নাম কেটে দিচ্ছেন।” আরব দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁর আপত্তি নেই বলেও জানান তিনি, তবে দ্বিচারিতা মেনে নেওয়া যায় না বলেই কড়া ভাষায় মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলেও তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে আন্দোলন আরও জোরদার হবে জানিয়ে তিনি বলেন, “সব সম্প্রদায়, প্রত্যেক মানুষের পরিবারের সদস্য হিসাবে এসআইআর নিয়ে লড়াই করব। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট গিয়েছি। এই লড়াই জারি থাকবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “যাঁরা বাংলাকে টার্গেট করছে, তাঁরা জাহান্নমে যাক।”
মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এসএসআই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন। অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতপাত ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, বাংলায় হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এই ধরনের ‘অপশক্তি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন তিনি। অভিষেক বলেন, “রমজানে রাম থাকলে, দিওয়ালিতে আলি আছে। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করওয়াচথ হয়। এটাই আমার ভারতবর্ষ। এটাই দেশের সংস্কৃতি।” তিনি আরও বলেন, “প্রতিটি উৎসব আমাদের সবুর, ভাইচারা, ভালোবাসা শেখায়। বাংলায় আমরা একে অপরের উৎসবে মেতে উঠি। এটাই আমাদের সংস্কৃতি।”











