১৫ বছরেই টিম ইন্ডিয়ার দরজায় বৈভব! ভাঙতে পারে শচীনের রেকর্ড

চলতি বছরেই ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে বিসিসিআই। সম্ভাবনা রয়েছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই প্রথমবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে। যদি তা বাস্তবায়িত হয়, তবে শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করবেন বৈভব।

প্রতিটি ম্যাচেই ঝোড়ো ব্যাটিংয়ে নজর কাড়ছে এই কিশোর। বৈভব সূর্যবংশীর নাম এখন আর অচেনা নয় মাঠে নামলেই বড় ইনিংসের প্রত্যাশা তৈরি হচ্ছে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে ইতিমধ্যেই নিজের দক্ষতার ছাপ রেখেছে সে। ২০২৪ সালের নিলামে ১.১ কোটি টাকায় তাকে দলে নেয় রাজস্থান। এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নেয় বৈভব এবং বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েছিল।
এবার সিনিয়র দলেও সুযোগ পেতে পারেন তিনি। জুন মাসে আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে অভিজ্ঞদের বদলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রেক্ষিতেই বৈভবের নাম আলোচনায় উঠে এসেছে। বোর্ডের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “নির্বাচকরা ওর নাম বাছাই তালিকায় রেখেছে। আরও অনেকের সঙ্গে বৈভবকেও আয়ারল্যান্ড সফরে দেখা যেতে পারে।”
১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে শচীন তেণ্ডুলকর ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। অন্যদিকে জুন মাসে বৈভবের বয়স হবে মাত্র ১৫ বছর ৩ মাস। ফলে তাঁর সামনে রয়েছে সেই ঐতিহাসিক নজির ভাঙার সুযোগ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড এখনও পাকিস্তানের হাসান রাজার দখলে, যিনি ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক করেছিলেন।
চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে রয়েছে বৈভব। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২০০ রান করেছে সে, গড় ৪০ এবং স্ট্রাইক রেট ২৬৩.১৬। জশপ্রীত বুমরাহ কিংবা জশ হ্যাজেলউডের মতো তারকাদের বিরুদ্ধেও সমান আত্মবিশ্বাসে ব্যাটিং করেছে এই কিশোর। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও বিসিসিআইয়ের কাছে বৈভবকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। একাধিক প্রাক্তন ক্রিকেটারও তার পক্ষে সওয়াল করেছেন। এখন দেখার, কবে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয় এই তরুণ প্রতিভার।












