ম্যাচে মোবাইল বিতর্ক! রাজস্থানের ম্যানেজারকে নোটিস, শুরু হচ্ছে তদন্ত
ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের অভিযোগে আবারও বিতর্কে জড়াল আইপিএলের দল রাজস্থান রয়্যালস। দলের ম্যানেজার রোমি ভিন্ডেরের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠতেই তাঁকে নোটিস পাঠিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, খুব শিগগিরই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হতে চলেছে।


বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখা ইতিমধ্যেই ভিন্ডেরের কাছে ব্যাখ্যা চেয়েছে। ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে কেন তিনি মোবাইল ব্যবহার করছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে জবাব দিতে হবে। এই প্রসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল জানান, “আমরা ACSUকে বলেছি গোটা ঘটনার তদন্ত করতে। গোটা ঘটনা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ করা হবে।” সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আইপিএলে ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ—কেউই ডাগআউট বা ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারেন না। শুধুমাত্র দলের ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারেন, তবে তা ব্যবহারের অনুমতি নেই প্লেয়িং এরিয়া বা ডাগআউটে। ম্যাচ ফিক্সিং রুখতেই এই নিয়ম চালু রয়েছে। যদিও রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শারীরিক অসুবিধার কারণেই ভিন্ডের ফোন সঙ্গে রেখেছিলেন, কারণ বারবার সিঁড়ি ওঠানামা করা তাঁর পক্ষে কঠিন।
যদিও শারীরিক সমস্যার ক্ষেত্রে কিছু ছাড় থাকলেও, ভিন্ডেরের কাছে সেই অনুমতি ছিল না বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে বোর্ডের ধারণা, তিনি কোনও বেআইনি কাজে জড়িত ছিলেন না। তবে তাঁর ব্যাখ্যার উপরই নির্ভর করবে শাস্তির মাত্রা। উল্লেখ্য, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। তাঁর মতে, এটি গুরুতর নিয়মভঙ্গ এবং দুর্নীতির শামিল। ফলে ভিন্ডেরকে সতর্কবার্তা থেকে শুরু করে এক ম্যাচের নির্বাসন—যে কোনও শাস্তির মুখে পড়তে হতে পারে।












