বৈভবের ঝড়ে আড়াল কোহলি, ম্যাচ শেষে তরুণ প্রতিভাকে বিশেষ সম্মান বিরাটের

মহাতারকা ও ভবিষ্যতের তারকার লড়াই শুক্রবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ঘিরে এমনই প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। সেই প্রতীক্ষিত দ্বৈরথে এদিন নজর কেড়েছে তরুণ বৈভবের দুরন্ত ব্যাটিং।

১৬ বলে ৩২ রানের ইনিংস টি-২০ ক্রিকেটে যথেষ্ট কার্যকর হলেও, বিরাট কোহলির সেই পারফরম্যান্স কার্যত চাপা পড়ে যায় বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ে। মাত্র ২৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তাঁকে। একের পর এক রেকর্ড গড়ে নিজের প্রতিভার ছাপ রেখে যায় এই তরুণ ক্রিকেটার। তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন গোটা ক্রিকেট দুনিয়া, মুগ্ধ স্বয়ং কোহলিও। ম্যাচ শেষে বৈভবকে আন্তরিকভাবে অভিনন্দন জানান তিনি এবং নিজের সই করা একটি উপহারও তুলে দেন।
ম্যাচের পর রাজস্থান রয়্যালসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়, যেখানে বৈভবের টুপিতে কোহলির অটোগ্রাফ স্পষ্ট। সঙ্গে লেখা ছিল, “ভালো খেলেছ বৈভব।” এই সংক্ষিপ্ত বার্তার মধ্যেই যেন ভবিষ্যতের এক বড় তারকার প্রতি নিজের স্বীকৃতি জানিয়ে দিলেন ‘কিং’ কোহলি। পাশাপাশি একটি ভিডিওতেও দেখা যায়, সেই টুপিকে সামনে রেখে আনন্দে উজ্জ্বল বৈভবকে।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকানোর নজির রয়েছে তাঁর। এদিনও ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড দু’জনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। বিশেষ করে হ্যাজেলউডের এক ওভারে তোলেন ১৯ রান। মাত্র ১৫ বলেই পূর্ণ করেন অর্ধশতরান। পেস, লাইন বা লেংথ কোনও কিছুই যেন তাঁকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত ৭৬ রানে থামে তাঁর ইনিংস, যেখানে ছিল ৭টি ছয় ও ৮টি চার, আর স্ট্রাইক রেট ছুঁয়েছে ৩০০।
বৈভব সূর্যবংশীর এমন দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বিরাট কোহলির ইনিংস কিছুটা ম্লান হয়ে গিয়েছে এ কথা বলা কঠিন হলেও বাস্তবটা সেটাই। আর সেই বাস্তবের ইঙ্গিতই যেন মিলেছে কোহলির দেওয়া সেই ছোট্ট শুভেচ্ছা বার্তায়।












