মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে হঠাৎ রহস্যময় ড্রোন! ‘পুলিশ তদন্ত করুক’, বললেন মমতা, গ্রেপ্তার ৩

মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। মালতিপুরে সভা শেষে গাজোলের উদ্দেশে রওনা হওয়ার সময় হেলিকপ্টারে ওঠার মুহূর্তে একটি অচেনা ড্রোনের উপস্থিতি নজরে আসে।

বিষয়টি চোখে পড়তেই কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” এই ঘটনার পরই সন্দেহভাজন হিসেবে তিন যুবককে আটক করে পুলিশ।
ছাব্বিশের নির্বাচনের (WB Assembly Election 2026) প্রাক্কালে রাজ্যজুড়ে জোরকদমে চলছে প্রচারপর্ব। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মানুষের দরজায় পৌঁছে তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন। সেই সঙ্গে তৃণমূলের পক্ষেও জোরদার প্রচারে নেমেছেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
দুপুরে মালতিপুরে জনসভা করার পর তাঁর গাজোল যাওয়ার কথা ছিল। ঠিক সেই সময়ই হেলিকপ্টারে ওঠার মুহূর্তে আকাশে আচমকা দেখা যায় ওই রহস্যময় ড্রোনটি, যা উপস্থিত সকলকে বিস্মিত করে। মুখ্যমন্ত্রীর সফরের সময় সাধারণত আকাশপথ সম্পূর্ণ নিরাপত্তার আওতায় থাকে, ফলে এই ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।
ঘটনার পর মুখ্যমন্ত্রী কিছুক্ষণ নিজেই ড্রোনটির গতিবিধি লক্ষ্য করেন এবং ইঙ্গিতে এর পিছনে সম্ভাব্য চক্রান্তের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” এরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে মোবাইল ফোনসহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।












