ভোটের আগে বড় রায়! দু’দিন আগেও ছাড়পত্র পেলে ভোট দিতে পারবেন
ভোটের মাত্র দু’দিন আগেও ট্রাইবুনালের ছাড়পত্র পেলে ভোটাধিকার প্রয়োগ করা যাবে এমন গুরুত্বপূর্ণ রায় দিল Supreme Court of India। এসআইআর সংক্রান্ত মামলায় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।


রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। আদালত জানিয়েছে, প্রথম দফার ক্ষেত্রে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁরা ট্রাইবুনালে আবেদন করে ২১ এপ্রিলের মধ্যে ছাড়পত্র পাবেন, তাঁরা ভোট দিতে পারবেন। একইভাবে দ্বিতীয় দফার ভোটে ২৭ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পেলে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। তবে যাঁদের নাম ট্রাইবুনাল চূড়ান্তভাবে বাতিল করবে, তাঁদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না।
সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই নির্বাচন কমিশন ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেয়। কিন্তু এ ক্ষেত্রে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের দু’দিন আগে পর্যন্ত বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির ভিত্তিতে নাম তালিকায় অন্তর্ভুক্ত হলে তাঁরা ভোট দিতে পারবেন। তবে শুধুমাত্র আবেদন করলেই হবে না, ট্রাইবুনালের অনুমোদন আবশ্যক।
রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই বাদ পড়া ভোটারেরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয় ECI Net App বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। পাশাপাশি জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরেও আবেদন জানানোর সুযোগ রয়েছে।
এই আবেদনগুলি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ‘আপিল ট্রাইবুনাল’, যেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি দায়িত্বে রয়েছেন। তাঁরা আবেদনকারীদের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ করেছিল, যেখানে ৬০ লক্ষেরও বেশি ভোটারকে বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছিল। পরবর্তীতে বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন।






