গভীর রাতে প্রকাশ সাপ্লিমেন্টারি লিস্ট, কতজনের নাম বাদ এখনও ধোঁয়াশা

গভীর রাতে অবশেষে প্রকাশ পেল বাংলার এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার রাত প্রায় ১২টার ঠিক আগেই তালিকাটি প্রকাশ করা হয়। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই এটি আপলোড করা হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সিইও-র ওয়েবসাইটেও এই তালিকা দেখা যাবে। তবে কতজনের নাম বাদ পড়েছে বা কারা এই তালিকায় রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

আগেই জানানো হয়েছিল, সোমবারই অতিরিক্ত নামের তালিকা প্রকাশ করা হবে এবং রাত ৯টার পর সেটি প্রকাশ্যে আসবে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল ঘোষণা করেছিলেন। যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তালিকা সামনে আসেনি। পরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সোমবারের মধ্যেই তালিকা প্রকাশিত হবে। শেষ পর্যন্ত গভীর রাতেই সেই তালিকা প্রকাশ করা হয়।
তবে ঠিক কতজনের নামের নিষ্পত্তি হয়েছে কিংবা কতজনের নাম বাদ গেছে, সে সম্পর্কে কমিশন এখনও কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপাতত পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কিছুটা সময়ের মধ্যে এই তথ্য আপডেট করা হতে পারে। ফলে ২৯ লক্ষ ভোটারের মধ্যে কারা তালিকায় থাকলেন এবং কারা বাদ পড়লেন, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, বাংলায় এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা গিয়েছিল প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। পাশাপাশি আরও প্রায় ৬০ লক্ষ নাম যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানানো হয়েছিল। এরপর প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ২৯ লক্ষ মানুষের নাম প্রকাশ করার কথা জানিয়েছিল কমিশন। সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এই ২৯ লক্ষ নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।
তবে রাতে প্রকাশিত এই তালিকা নিয়ে কমিশনের পক্ষ থেকে শুধু প্রকাশের বিষয়টিই নিশ্চিত করা হয়েছে। বুথভিত্তিকভাবে প্রাথমিকভাবে তালিকাটি দুটি ভাগে প্রকাশ করা হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য আলাদা তালিকাও দেওয়া হয়েছে। ভোটারদের নিজেদের নাম যাচাই করতে বুথভিত্তিক অতিরিক্ত তালিকা ডাউনলোড করতে হবে। এরপরই তাঁরা নিশ্চিত হতে পারবেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না।











