‘এবার বাবার দিকেও ক্যামেরা তাক করা হোক’, সেঞ্চুরি হাঁকিয়ে কেন এমন বললেন অভিষেক?

‘শর্মাজি কা বেটা’ নামেই যাঁকে ডাকা হয়, তিনি ক্রিজে নামলেই প্রতিপক্ষ বোলাররা যেন দর্শকে পরিণত হন। নীতীশ রানাকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি, এরপর দেখা যায় তাঁর চেনা উদযাপন। মাঠের ক্যামেরায় বারবার ধরা পড়ে গ্যালারির আবেগঘন মুহূর্ত, যেখানে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় অভিষেকের বাবা রাজকুমার শর্মাকে। ছেলের দুরন্ত পারফরম্যান্সে তিনি যে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন, তা স্পষ্ট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পাওয়ার পর বাবাকেই সামনে আনলেন অভিষেক শর্মা।

তিনি জানান, অনূর্ধ্ব-১২ স্তর থেকে আজ পর্যন্ত তাঁর বাবা রাজকুমার শর্মা নির্দিষ্ট একটি রুটিন মেনে চলেন। অভিষেক বলেন, “সত্যি বলতে কী, এটা কীভাবে হয় জানি না! কিন্তু অনূর্ধ্ব-১২’র দিন থেকেই আমার বাবা সবসময় গ্যালারি থেকে পরামর্শ দিয়ে এসেছেন। হায়দরাবাদেও তার ব্যতিক্রম হয়নি। একইভাবে বসেছিলেন। আমি যখন নন স্ট্রাইকার এন্ডে থাকি, তখনও উনি আমাকে কোন শট কীভাবে খেলতে হবে, তা বলে দেন।” তাঁর সংযোজন, “একই ধারা এখনও বজায় রয়েছে। আমি চাই, পরের বার যেন একটি ক্যামেরা আমার বাবার দিকে তাক করা হয়। যাতে ব্যাট করতে করতে আমি তাঁর প্রতিক্রিয়াগুলোও দেখতে পাই।”
অভিষেক আরও বলেন, “অরেঞ্জ আর্মির সামনে পারফর্ম করতে ভালোই লাগে। এই মাঠ (হায়দরাবাদ) যে আমার কতটা প্রিয়, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঠিক করেছিলাম পাওয়ার প্লে’টা পুরোমাত্রায় কাজে লাগাব। কিন্তু উইকেট একটু স্লো ছিল। পরিকল্পনা কিছুটা বদলাতে হয়।” মাত্র ২৫ বলেই তিনি অর্ধশতরানে পৌঁছে যান, এরপর আরও ২২ বলে তুলে নেন পরের পঞ্চাশ।
সব মিলিয়ে ৪৭ বলেই শতরান পূর্ণ করেন তিনি। নিজের এই ইনিংসটি তিনি উৎসর্গ করেন বোন কোমল শর্মাকে, যিনি অসুস্থতার কারণে মাঠে উপস্থিত থাকতে পারেননি। অভিষেক বলেন, “আমার বোন আজ আসতে পারেনি। ওর সংক্রমণ হয়েছে। এই ইনিংসটা ওর জন্যও।”
আইপিএলে এটি অভিষেকের দ্বিতীয় শতরান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর নবম সেঞ্চুরি, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যার তালিকায় তাঁকে যৌথভাবে শীর্ষে তুলে এনেছে। এই তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। প্রথম শ্রেণি ও ঘরোয়া ক্রিকেট মিলিয়েও বিরাটের সেঞ্চুরির সংখ্যা ৯। মাত্র ২৫ বছর বয়সেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন অভিষেক।
পাশাপাশি এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০টি ছক্কার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। শুধু তাই নয়, এক ইনিংসে ১০টির বেশি ছক্কা মারার কৃতিত্ব তিনি অর্জন করেছেন পঞ্চমবার, যা ভারতীয়দের মধ্যে নজির। উল্লেখযোগ্যভাবে, প্রথমে ব্যাট করে অভিষেকের দুরন্ত ইনিংসের উপর ভর করে সানরাইজার্স তোলে ২৪২ রানের বিশাল স্কোর। জবাবে দিল্লি ক্যাপিটালস থামে ১৯৫ রানে। ৪৭ রানের জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে আসে অভিষেকের দল।










