রুশ তেলে আর ছাড় নয়, ট্রাম্পের কড়া সিদ্ধান্তে চাপে ভারত
হরমুজ প্রণালীর উত্তেজনার আবহেই বড় সিদ্ধান্ত নিল Donald Trump-এর প্রশাসন। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যে সাময়িক ছাড় ভারত-সহ একাধিক দেশকে দেওয়া হয়েছিল, তা আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল আমেরিকা। ফলে নতুন করে চাপের মুখে পড়তে পারে নয়াদিল্লি। পাশাপাশি, এই সিদ্ধান্ত ইরানি তেলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেই জানা গিয়েছে।


বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন ট্রেজারি সচিব Scott Bessent বলেন, “রুশ এবং ইরানি তেল কেনার ক্ষেত্রে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়ানো হবে না। নবীকরণ করা হবে না লাইসেন্স। এই ছাড় শুধু সেই তেলের জন্য ছিল, যা ১১ মার্চের আগে জাহাজে লোড হয়ে সমুদ্রে পৌঁছে গিয়েছিল। সেই তেল ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গিয়েছে। যদি কোনও দেশ রুশ এবং ইরানি তেল কেনে, তাহলে আমরা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করব।”
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। যুদ্ধ পরিস্থিতির সময় মার্কিন ছাড়ের সুযোগে বৈশ্বিক তেল সরবরাহে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গিয়েছিল ভারত। একটি রিপোর্টে জানা গিয়েছে, সেই সময় ভারতীয় রিফাইনারিগুলি প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছিল।
চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার চাপের কারণে ভারতের বড় তেল শোধনাগারগুলি রুশ তেল আমদানি কিছুটা কমালেও, পরে পরিস্থিতির বদলে পুনরায় আমদানির দিকে ঝুঁকে পড়ে তারা। শুধু তাই নয়, দীর্ঘ প্রায় সাত বছর পর সেই সময় ভারতে ইরানি তেলও পৌঁছায়। তবে এবার রুশ ও ইরানি তেল কেনার ক্ষেত্রে সব ধরনের ছাড় প্রত্যাহার করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












