তামিল অস্মিতায় আঘাতের অভিযোগ! আরসিবির বিরুদ্ধে সরব চেন্নাই
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের উদ্দেশে কটাক্ষ এবং তামিল সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগ উঠল Chennai Super Kings-এর তরফে। Royal Challengers Bangalore-এর বিরুদ্ধে খেলার সময় এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি চেন্নাই শিবিরের। গত ৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে Virat Kohliদের দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিলেন Ruturaj Gaikwadরা। সেই ম্যাচেই তামিল অস্মিতায় আঘাত লেগেছে বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে Board of Control for Cricket in India-কে চিঠি দিয়েছে চেন্নাই দল।


তাহলে ঠিক কী নিয়ে বিতর্ক? মূল সমস্যা একটি গানকে ঘিরে। ‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’—এই গানটি দক্ষিণ ভারতীয় সংস্কৃতির প্রতীক হিসেবে সোশাল মিডিয়ায় ব্যবহার করা হলেও তা নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই ম্যাচে চেন্নাইয়ের ব্যাটাররা মাঠে নামলেই বারবার এই গান বাজানো হচ্ছিল স্টেডিয়ামের ডিজের তরফে। শুধু তাই নয়, বেঙ্গালুরুর ডিজের বিরুদ্ধে একাধিকবার চেন্নাইয়ের ক্রিকেটারদের উদ্দেশে কটাক্ষ করার অভিযোগও উঠেছে। এই ঘটনাতেই ক্ষোভ প্রকাশ করেছে চেন্নাই শিবির।
সিএসকের ম্যানেজিং ডিরেক্টর Kasi Viswanathan বলেন, “ডিজেরা সাধারণত হোম টিমকে সমর্থন করেন। ঘরের মাঠের দলকে তাতাতে চেষ্টা করেন নানারকম কথা বলে। কিন্তু এবারের চিন্নাস্বামী স্টেডিয়ামে একেবারে উলটো ছবি দেখলাম। অ্যাওয়ে দল হিসাবে আমাদের দল খেলতে নেমেছিল। আমাদের ক্রিকেটারদের বিরুদ্ধেই মাইকে নানা কটাক্ষ করেছেন ডিজে। সেকারণেই আমরা বিসিসিআইকে চিঠি লিখেছি গোটা বিষয়টি নিয়ে।”
বিসিসিআই সূত্রে খবর, চেন্নাইয়ের এই অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
উল্লেখ্য, ‘ধোসা, ইডলি, সামবার, চাটনি’ গানটি নিয়ে আগেও আইপিএলে বিতর্ক তৈরি হয়েছিল। গত বছর চেন্নাইয়ের মাঠে আরসিবির বিরুদ্ধে ম্যাচে Jitesh Sharma আউট হওয়ার পর এই গান বাজানো হয়েছিল। সেই ঘটনার পর চেন্নাই কর্তৃপক্ষ ডিজেকে সতর্ক করে দেয় এবং স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে, প্রতিপক্ষের সংস্কৃতি বা কোনও ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। এরপর থেকে চেন্নাইয়ের ম্যাচে আর এই গান বাজানো হয়নি। তবে চলতি আইপিএলে আবারও সেই বিতর্ক সামনে এল।












