প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি, অধীর চৌধুরীর নামে কতগুলি মামলা?

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধীররঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার তিনি এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় নিজের সম্পত্তি ও অন্যান্য তথ্য প্রকাশ করেন বহরমপুরের প্রাক্তন পাঁচবারের সাংসদ। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক বিবরণ।

হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ২৫ হাজার ৭০ টাকা। তার আগের অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ সালে তাঁর আয় ছিল ১১ লক্ষ ৮৫ হাজার ২২০ টাকা। তাঁর বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। বর্তমানে তাঁর কাছে নগদ রয়েছে ৯৪ হাজার ৫০০ টাকা।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পার্লামেন্ট হাউস শাখায় তাঁর অ্যাকাউন্টে জমা রয়েছে ৬ লক্ষ ১৮ হাজার ৭৬৯ টাকা। এছাড়াও, তাঁর নামে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে দু’টি এলআইসি পলিসি রয়েছে। স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২ কোটি ৪১ লক্ষ টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৪০ হাজার ৬০২ টাকা।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হওয়ার আগে ১৯৯১ ও ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন অধীর চৌধুরী। ১৯৯১ সালে পরাজিত হলেও ১৯৯৬ সালে জয়লাভ করেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি।
১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন অধীর। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে প্রায় ৮৫ হাজার ভোটে পরাজিত হন তিনি। এরপরই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস।












