বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাহুল মৃত্যু-কাণ্ডে পথে নামছে নাগরিক সমাজ

Published on: April 3, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাহুল মৃত্যু-কাণ্ডে পথে নামছে নাগরিক সমাজ, প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক

গত ২৯ মার্চ রবিবার বিকেলে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনাকে ঘিরে ক্রমশই জোরদার হচ্ছে রহস্য। তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা, যার জেরে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। একজন প্রতিভাবান অভিনেতা, থিয়েটারকর্মী ও লেখকের অকালমৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী শনিবার, ৪ এপ্রিল নাগরিক সমাজের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পথে নামার প্রস্তুতি চলছে। সেই মিছিলকে ঘিরে আলোচনা করতেই মঙ্গলবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, সেখানে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরদার করা।

টলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনেকেই অভিভাবকস্বরূপ মনে করেন। সেই কারণেই তাঁর সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নিসপাল সিং রানে, পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল এবং অভিনেতা দেব।

পাশাপাশি ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত নাগরিক সমাজের এই মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। জানা গিয়েছে, বিকেল চারটেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল শুরু হবে। রাহুলের সঙ্গে ইম্পার দীর্ঘদিনের সম্পর্ক থাকায় সংগঠনের সদস্যরাও এই প্রতিবাদে সামিল হবেন।

এদিকে ইন্ডাস্ট্রি ফেডারেশনের তরফ থেকেও পৃথকভাবে একটি মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেওয়ার কথা ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, কবি সৃজাত, সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের। তবে এই মিছিলে অংশ নিচ্ছে না আর্টিস্ট ফোরাম।

সেই বিষয়টি নিয়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যায়। আর্টিস্ট ফোরামের তরফে রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে কী পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রতিবাদের পথ কী হবে, তা নিয়েই মতবিনিময় হয়েছে।

অন্যদিকে, ‘ভোলে বাবা পার কা’ ছবির শ্যুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন টলিপাড়ার একাধিক শিল্পী। শ্যুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষার অভাব রয়েছে বলে অনেকেই জানিয়েছেন। ঘটনার দিন উপস্থিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শ্যুটিং ইউনিটের সদস্যদের বক্তব্যেও মিল পাওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রও ঘটনার বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। রাহুল অরুণোদয়ের মৃত্যুকে কেন্দ্র করে যখন ধোঁয়াশা বাড়ছে, তখন মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টসের তরফে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর টলিউডে আদৌ কোনও পরিবর্তন আসে কি না, এখন সেটাই দেখার।

Join Telegram

Join Now