মুসলিম ভোটে নজর, ওয়েইসির সঙ্গে জোট ঘোষণা হুমায়ুনের

দমদমে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ স্পষ্ট করলেন হুমায়ুন কবীর। আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন মিম-এর সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়বে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি। বুধবার সকালে মিম নেতাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন হুমায়ুন।

সেখানেই আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জোটের পক্ষ থেকে ধারাবাহিক সভার কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে সেই সভা, যার প্রথমটি হবে ভরতপুরে। ওই সভায় প্রায় এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন।
বাংলায় মিমের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে তাতে সিলমোহর পড়ল। মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়ে আলিঙ্গন করেন হুমায়ুন কবীর। এরপর নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করেন ওয়েইসি। পরদিন তাঁকে পাশে নিয়েই আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করেন হুমায়ুন।
জোটের বার্তা দিতে গিয়ে হুমায়ুন কবীর আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন এবং জানান, রাজ্যে মিমের সঙ্গে মিলেই নির্বাচনী লড়াই হবে। এবারের ভোটে আম জনতা উন্নয়ন পার্টি মোট ১৮২টি আসনে প্রার্থী দেবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও প্রার্থী দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবীর নিজে। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়েছে। বাকি আসনের মধ্যে মিমকে কতগুলি ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মুসলিম ভোটব্যাঙ্ককে কেন্দ্র করেই হুমায়ুন কবীরের কৌশল স্পষ্ট হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই লক্ষ্যেই ইতিমধ্যে নানা বার্তা ও প্রচার শুরু হয়েছে। এর আগে বাবরি মসজিদ নির্মাণের কথাও ঘোষণা করেছিলেন তিনি, এমনকি কাজ শুরুর দাবিও উঠেছিল।
সেই বিষয়কে সামনে রেখেই নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে মত একাংশের। এই পরিস্থিতিতে মিমের সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নতুন প্রশ্নও তুলে দিচ্ছে। বিরোধীদের অভিযোগ, মিম বরাবরই বিজেপির ‘বি টিম’। সেই প্রেক্ষিতে বাংলার রাজনীতিতে এই জোটের প্রভাব কী হবে, তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।











