বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রেলপথে বড় হামলার আশঙ্কা

Published on: April 7, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘ট্রেনে উঠবেন না’, ইরানের নাগরিকদের সতর্কবার্তা ইজরায়েলের, রেলপথে বড় হামলার আশঙ্কা

মঙ্গলবার রাত ৮টার পর ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলিতে বড়সড় হামলার সতর্কতা দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতির মাঝেই আরও এক গুরুতর হুঁশিয়ারি দিল ইজরায়েল। আইডিএফের পক্ষ থেকে ইরানের সাধারণ মানুষের উদ্দেশে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৯টা (ভারতীয় সময় প্রায় ১১টা পর্যন্ত) ট্রেনে যাতায়াত না করার জন্য সতর্ক থাকতে।

ইজরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থেই আমরা অনুরোধ করছি ইরানের সময় রাত ৯টা পর্যন্ত আপনারা দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ও কাছাকাছি থাকা রেললাইনে আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে।’

এই বার্তাটি ফারসি ভাষাতেও গ্রাফিক্সের মাধ্যমে প্রকাশ করেছে ইজরায়েলি সেনা। সেখানে এটিকে গোটা ইরানের ট্রেনযাত্রীদের জন্য একটি ‘জরুরি সতর্কতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। লিখিত বার্তার মতোই সেই ভিজ্যুয়ালেও ট্রেন ও রেললাইন এড়িয়ে চলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

‘ছোট্ট লড়াই’ বলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সঙ্গে যুক্ত ছিল ইজরায়েলও। একমাস কেটে গেলেও সংঘাত কমার লক্ষণ নেই, বরং তা আরও ভয়াবহ আকার নিচ্ছে। রবিবার ইজরায়েলের একটি ড্রোন উৎপাদন কেন্দ্রে বড়সড় হামলা চালিয়েছে ইরান।

যদিও এই হামলার কথা ইজরায়েলের তরফে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবে সংশ্লিষ্ট ড্রোন নির্মাণ সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থার সিইও জানিয়েছেন, ইরানের হামলায় কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার পরই পালটা ইরানের রেলব্যবস্থাকে লক্ষ্য করে বড় আক্রমণের সতর্কতা দিয়েছে ইজরায়েল। নির্দিষ্ট কোনও অঞ্চল উল্লেখ না করায়, দেশজুড়ে রেলপথে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থাকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অচেতন অবস্থায় চিকিৎসাধীন। আরও দাবি করা হয়েছে, কোম শহরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এমনকী তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Join Telegram

Join Now