‘গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে’ পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলীপের
আবারও চেনা আক্রমণাত্মক মেজাজে দেখা গেল বঙ্গ বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষকে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি খড়গপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। পুরনো কেন্দ্রে ফের সুযোগ পেয়েই আগের মতোই তেজি ভঙ্গিতে মাঠে নেমেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি। সোমবার প্রচারে বেরিয়ে সরাসরি পুলিশের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।


সোমবার খড়গপুর টাউনে প্রচারসভায় অংশ নেন দিলীপ ঘোষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” তাঁর আরও হুঁশিয়ারি, ”আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।”
এরপরও আক্রমণাত্মক সুর বজায় রেখে দিলীপ ঘোষ বলেন, ”আগে খড়গপুরের সাধারণ মানুষ দিলীপ ঘোষকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামী দিনেও এমন হিসাব করব হিসাব মেলাতে পারবে না। খড়গপুরে এসব চলবে না।”
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। যদিও ২০২১ সালের ভোটে এই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়নি। তাঁর পরিবর্তে বিজেপির হয়ে লড়ে জয় পান অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তবে পরবর্তী সময়ে তাঁকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হওয়ায় এবারের নির্বাচনে খড়গপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। ফলে আবারও নিজের পুরনো কেন্দ্রে ফিরেছেন দিলীপ ঘোষ, আর সেখানে নেমেই প্রচারে বাড়তি উত্তাপ ছড়ালেন এই বিজেপি নেতা।









