আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন ন্যুয়ের, বিশ্বকাপের পরেই পাকাপাকি অবসর

খেলাধুলো ডেস্ক: বিশ্বকাপ প্রতিযোগিতার মাঝেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বড় ঘোষণা দিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। ৪০ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই তিনি পাকাপাকিভাবে বুট জোড়া তুলে রাখবেন। বিশ্বকাপের মঞ্চে জার্মানির শেষ ম্যাচটিই হতে চলেছে দেশের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের এই কঠিন সিদ্ধান্তের কথা জানান পঞ্চম বার বিশ্বকাপ খেলতে আসা ন্যুয়ের।
অবসর ভেঙে ফেরা এবং মানসিক চাপ
উল্লেখ্য, ২০২৪ সালে ঘরের মাঠে ইউরো কাপ খেলার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ন্যুয়ের। কিন্তু পরবর্তীতে দেশের স্বার্থে সেই অবসর ভেঙে আবারও এই বিশ্বকাপে জার্মানির গোলপোস্ট সামলাতে ফিরে আসেন। তবে আন্তর্জাতিক ফুটবলের মানসিক ও শারীরিক ধকল আর নিতে পারছেন না বলেই জানান তিনি।
ন্যুয়ের বলেন:
“আমি ভেবেচিন্তেই ২০২৪ সালে অবসর নিয়েছিলাম। ঘরের মাঠে ইউরো খেলে বিদায় জানাতে চেয়েছিলাম এবং আমার মতে ওটাই ঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু গত দু’বছর ধরে আন্তর্জাতিক স্তরে খেলার চাপটা আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে। তাই পরিষ্কার করে জানাতে চাই, এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। দু’বছর পর আবারও ইউরো কাপ খেলার কোনও পরিকল্পনা আমার নেই।”
লক্ষ্য এখন শুধুই বিশ্বকাপ জয়
অবসরের সিদ্ধান্ত নিলেও এই মুহূর্তে জার্মানিকে চ্যাম্পিয়ন করাই ন্যুয়েরের প্রধান লক্ষ্য। তিনি জানান, মাঠের নামার আগেই তিনি মনস্থির করে নিয়েছেন যে জার্মানির হয়ে শেষ কয়েকটা ম্যাচ তিনি নিজের উজাড় করে খেলবেন। তিনি আরও যোগ করেন, “আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই। অবসরের কথা ভেবে বিশেষ কোনও জামা নিয়ে বিশ্বকাপে আসিনি।”
চলতি বিশ্বকাপে জার্মানির খেতাব জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই অভিজ্ঞ গোলরক্ষক। দলের সবাই মিলে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চান এবং দেশের জন্য শেষ ম্যাচগুলোতে নিজের সেরাটা দিয়ে বিদায় নিতে চান ৪০ বছর বয়সী এই তারকা।









