‘বার্নল, বোরোলিন মজুত রাখুন’, নির্বাচন কমিশনের ইঙ্গিতপূর্ণ পোস্টে তোলপাড় ভোটবঙ্গ

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে বাংলার রাজনৈতিক উত্তাপ। আগামী সপ্তাহেই প্রথম দফার ভোটকে সামনে রেখে শাসক ও বিরোধী উভয় পক্ষই জোরকদমে প্রচারে নেমেছে। একে অপরের বিরুদ্ধে চলছে তীব্র বাক্যবাণ। এর মধ্যেই কমিশন ও তৃণমূলের সংঘাতও একাধিকবার প্রকাশ্যে এসেছে। ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে বদল, এসআইআর তালিকা ঘিরে বিতর্ক বিভিন্ন ইস্যুতে কমিশনকে নিশানা করেছে শাসকদল। চিঠি থেকে জনসভা সব ক্ষেত্রেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই ভোটের আগে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নতুন করে বিতর্কে জড়াল নির্বাচন কমিশন।

দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে চর্চা। সেখানে মাধুরী দীক্ষিত ও আমির খানের ছবির জনপ্রিয় গানের একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে—‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…।’
পাশাপাশি ক্যাপশনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা, অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।’
রাজনৈতিক মহলের মতে, ভোটের আবহে নানা চমকপ্রদ প্রচারের ছবি সামনে আসছে। কখনও রুটি বেলা, কখনও মাছ ধরা, আবার কখনও চুল-দাঁড়ি কেটে দেওয়ার মতো কর্মকাণ্ডে নজর কেড়েছেন প্রার্থীরা। সেই ধারাতেই এবার কমিশনের এই পোস্ট নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।
শান্তিপূর্ণ ভোটের বার্তা দিতে গিয়ে সিনেমার গানের ব্যবহার এবং ‘বার্নল-বোরোলীন মজুমত’ রাখার পরামর্শ সব মিলিয়ে তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কমিশনের বার্তা, ‘কেউ এই ভোটে বাধা দেয়, তার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানে বার্নল এবং বোরোলিনও কোনও কাজে আসবে না।’ রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বার্তার মাধ্যমে পরোক্ষভাবে শাসকদলের কটাক্ষের জবাবই দিয়েছে নির্বাচন কমিশন।











