সোমবারেই প্রকাশ পাচ্ছে অতিরিক্ত ভোটার তালিকা, কীভাবে মিলিয়ে দেখবেন নিজের নাম?
আজ, সোমবার প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত ভোটার তালিকার প্রথম পর্ব। কমিশন সূত্রে জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এই প্রথম তালিকায় সেই নামগুলিই অন্তর্ভুক্ত থাকবে। বাকি নামগুলির তালিকা ধাপে ধাপে প্রতি শুক্রবার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য, আগামী ৬ এপ্রিল প্রথম দফার ভোটের আগেই সমস্ত বিচারাধীন নামের নিষ্পত্তি সম্পূর্ণ করা।


কমিশন সূত্রে খবর, এদিন সন্ধ্যা ছ’টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই অতিরিক্ত তালিকা আপলোড করা হবে। এরপর থেকেই ভোটাররা অনলাইন ও অফলাইন দুইভাবেই নিজেদের নাম যাচাই করতে পারবেন। অনলাইনে দেখতে হলে সোমবার সন্ধ্যার পর কমিশনের ওয়েবসাইট voters.eci.gov.in-এ গিয়ে চেক করা যাবে। জানা গিয়েছে, তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন যুক্ত হবে, যেখানে EPIC নম্বর ব্যবহার করে নিজের নাম খোঁজা যাবে। পাশাপাশি ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও ভোটাররা সহজেই তাঁদের নাম যাচাই করতে পারবেন।
এছাড়াও, তালিকা প্রকাশের পর বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরে এই অতিরিক্ত তালিকা টাঙানো হবে। কমিশন সূত্রে জানা গেছে, সোমবারই এই তালিকা জেলাশাসকের দপ্তর ও বিএলওদের কাছে পৌঁছে যাবে এবং সেখানেই তা প্রদর্শিত হবে। ফলে সাধারণ মানুষ সরাসরি গিয়েও তাঁদের নাম খুঁজে নিতে পারবেন।
প্রকাশিত তালিকায় অ্যাডিশন ও ডিলিশন এই দুই বিভাগ থাকবে। রবিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে পুনরায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই সেই নির্দেশ মেনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সূত্রের খবর, ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, যেখানে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ মোট ১৯ জন বিচারপতি রয়েছেন।








