বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

লখনউ ম্যাচের আগে স্বস্তি কেকেআর শিবিরে

Published on: April 8, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

পেটের সমস্যার পর সুস্থতার পথে নারিন, লখনউ ম্যাচের আগে স্বস্তি কেকেআর শিবিরে

বৃষ্টির বাধা যেন কাটছেই না কেকেআরের সামনে। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। সেই ম্যাচে পূর্ণ প্রস্তুতির সুযোগও পাননি অজিঙ্ক রাহানের দল। মঙ্গলবারও অনুশীলন শুরুর প্রায় পৌনে এক ঘণ্টার মধ্যেই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।

তবে পাঞ্জাব ম্যাচে অধিনায়ক রাহানের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও বৃষ্টির কারণে সেগুলি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। এদিনও অনুশীলন পুরোপুরি না হওয়ায় সেই বিতর্ক কিছুটা চাপা পড়ে। বিশেষ করে সুনীল নারিনের অসুস্থতা এবং বরুণ চক্রবর্তীর চোট নিয়ে জল্পনা চলছিল। রবিবার বৃষ্টির জন্য ইডেনের ইনডোরে অনুশীলন করেছিলেন বরুণ। অন্যদিকে পাঞ্জাব ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় নেটে বোলিং করতে দেখা গিয়েছিল নারিনকে। তবুও টসের সময় রাহানে জানান, অসুস্থতা ও চোটের কারণে এই দুই স্পিনার দলে নেই। কিন্তু মঙ্গলবার ইডেনে দেখা গেল নারিনকে আবার স্বাভাবিক ছন্দে বোলিং করতে।

দেখে বোঝার উপায় নেই, একদিন আগেই যাঁকে অসুস্থতার কারণে বাইরে রাখা হয়েছিল। দল সূত্রে জানা গিয়েছে, পেটের সমস্যায় ভুগছিলেন নারিন, তবে এখন অনেকটাই সুস্থ তিনি। অন্যদিকে বরুণও ওয়ার্ম আপ শুরু করেছিলেন, যদিও বৃষ্টির জন্য তিনি বোলিং করতে পারেননি এবং অনুশীলন বন্ধ হয়ে যায়। নারিনের পর বরুণও যদি পুরোপুরি বোলিং করতেন, তাহলে রাহানের সিদ্ধান্ত নিয়ে আরও প্রশ্ন উঠতে পারত বলেই মনে করা হচ্ছে। সোমবার রাতে দলের সঙ্গে দেখা করেন শাহরুখ খান। জানা গিয়েছে, মঙ্গলবার শহর ছাড়ার আগে দলের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদাভাবে কথা বলেন কেকেআরের মালিক।

বৃষ্টির কারণে পাঞ্জাব ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পেয়েছে কেকেআর, তবে সেই সঙ্গে কটাক্ষও শুনতে হয়েছে দলকে। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের পাঞ্জাবিদের হৃদয় বিশাল, তাই এক পয়েন্ট দিয়ে দিলাম।’

এই মন্তব্য যে কেকেআরকেই উদ্দেশ্য করে, তা স্পষ্ট। তবে সেই ম্যাচের কথা পিছনে ফেলে এখন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচেই নজর দিচ্ছে নাইট শিবির। বৃহস্পতিবার ঘরের মাঠে সেই ম্যাচে ক্যামেরন গ্রিনের বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের সংক্ষিপ্ত অনুশীলনেও বেশিরভাগ সময় নেটে বোলিং অনুশীলন করতে দেখা যায় এই অস্ট্রেলীয় অলরাউন্ডারকে। পাশাপাশি বোলিং কোচ টিম সাউদির পরামর্শও নেন তিনি।

Join Telegram

Join Now