‘জয় বাংলা’ স্লোগান ঘিরে অদ্ভুত মুহূর্ত, তৃণমূল নেতাকে জড়িয়ে চুমু বিজেপি প্রার্থী রুদ্রনীলের, ভাইরাল ভিডিও

‘মেরেছ কলসির কানা, তা বলে কী প্রেম দেব না?’ ভোটের আবহে রাজ্যের নানা প্রান্তে নানান চিত্র সামনে আসছে। ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলেও তা হাসিমুখেই সামাল দিতে দেখা গেল বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। ‘গান্ধীগিরি’ মেজাজে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার সেই দৃশ্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তৃণমূল নেতা হাত তুলে বারবার ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন, আর রুদ্রনীল হাসতে হাসতেই তাঁকে জড়িয়ে ধরছেন। ঘটনাটি দেখে আশেপাশে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে শিবপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের ডব্লু রোড এলাকায় এই ঘটনা ঘটে। সে সময় নির্বাচনী প্রচারে ছিলেন রুদ্রনীল। তখনই এক ব্যক্তি তাঁর উদ্দেশে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে পরপর চুমু খান বিজেপি প্রার্থী। পরে জানা যায়, তিনি শিবপুরের আইএনটিটিইউসি সভাপতি শক্তি দেবনাথ।
এই ঘটনার পর তৃণমূল শ্রমিক সংগঠনের ওই নেতা বলেন, ‘‘আমি ৯ নম্বর ওয়ার্ডে আমাদের এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তখন দেখি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ওখানে অনুগামীদের নিয়ে প্রচার করছেন। তাঁকে দেখেই আমি জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে থাকি। তখনই উনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেন ও আমার সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। তাতে আমার জামা ছিঁড়ে যায়।”
তাঁর আরও দাবি, “উনি আমাকে বলেন আমাকে ‘জয় ভারত’ বলতে হবে। আমি বলি। পাশাপাশি আমি ওঁকে বলি আপনাকেও ‘জয় বাংলা’ বলতে হবে। অবশেষে উনি ‘জয় বাংলা’ বলতে বাধ্য হন। তারপর ওখান থেকে চলে যান। উনি একজন সেলিব্রিটি হয়ে এতবড় মানুষ হয়েও ‘জয় বাংলা’ শুনে রেগে গিয়ে আমার কাছে তেড়ে এলেন এটাই খুব খারাপ লাগল।’’
এই বিষয়ে রুদ্রনীল বলেন, ‘‘এলাকার এক ভাই ‘জয় বাংলা’ বলেছিল। আমি তাঁকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। আর কিছুই বলার নেই।’’
সব মিলিয়ে, রাজ্যের অন্যান্য এলাকার মতোই শিবপুরেও নির্বাচনী উত্তাপ তুঙ্গে। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এমন ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। এখন দেখার বিষয়, এই কেন্দ্র থেকে ভূমিপুত্র রুদ্রনীল ঘোষ শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেন কি না।












