আইপিএল শুরু হওয়ার পর প্রায় দশ দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই প্রতিটি দল একাধিক ম্যাচ খেলেছে। এরই মধ্যে ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে নতুন করে নিয়ম জারি করল বিসিসিআই। বিশেষ করে রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের গতিবিধিতে এবার আরও নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএলের পরিচালন কমিটি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই নতুন নির্দেশিকা সম্পর্কে অবহিত করেছে। নতুন নিয়ম অনুযায়ী, রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা আর আগের মতো ইচ্ছেমতো মাঠে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি বাউন্ডারি লাইনের ধারে তাঁদের অবাধ চলাফেরাও আর অনুমোদিত হবে না। যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেনি বোর্ড।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে ম্যাচের দিন যাঁরা প্রাথমিক ১৬ সদস্যের দলে জায়গা পাবেন না, তাঁরা মাঠে কোনও ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না। জল বহন করা বা ব্যাট-গ্লাভস পৌঁছে দেওয়ার মতো কাজও তাঁদের জন্য নিষিদ্ধ থাকবে। এই দায়িত্ব পালন করতে হবে শুধুমাত্র সেই ১৬ জনের দলে থাকা ক্রিকেটারদেরই। এমনকি বাউন্ডারি লাইনের ধারে অবস্থান করার অনুমতিও থাকবে শুধু সাবস্টিটিউট ক্রিকেটারদের, যারা ওই ১৬ জনের অংশ। টাইম আউট চলাকালীনও এই নিয়ম বহাল থাকবে দলের বাইরে থাকা ক্রিকেটারদের মাঠে প্রবেশ নিষেধ, তাঁদের ডাগআউটেই থাকতে হবে।
উল্লেখ্য, আইপিএলের প্রতিটি দলে সাধারণত ২৫ জন পর্যন্ত ক্রিকেটার থাকেন। তবে ম্যাচের দিন চূড়ান্ত দলে রাখা যায় সর্বাধিক ১৬ জনকে। সেই সীমার বাইরে থাকা ক্রিকেটারদের ভূমিকাতেই এবার লাগাম টানতে চাইছে বোর্ড। যদিও এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে ম্যাচ চলাকালীন যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি না হয় এবং দর্শকদের মনোযোগ খেলায়ই কেন্দ্রীভূত থাকে, সেটাই নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।











