সুরাপ্রেমীদের দুঃসংবাদ! যুদ্ধের জেরে মহার্ঘ হতে চলেছে বিয়ার

ইরান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়তে পারে ভারতের বিয়ার বাজারে। এই পরিস্থিতিতে সুরাপ্রেমীদের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরবরাহে ঘাটতির কারণে দেশের বাজারে একাধিক ব্র্যান্ডের বিয়ার কমে যেতে পারে, ফলে হঠাৎ করেই দাম অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিয়ার প্রস্তুতকারী সংস্থা হাইনেকেন, এবি ইনবেভ ও কার্লসবার্গ ইতিমধ্যেই সরবরাহ সমস্যার কথা জানিয়ে মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।

সূত্রের খবর, সমস্যার মূল কারণ পানীয় নয়, বরং যুদ্ধ পরিস্থিতির জেরে বিয়ারের প্যাকেজিং ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়েছে। জানা যাচ্ছে, প্রাকৃতিক গ্যাসের জোগান ব্যাহত হওয়ায় কাঁচের বোতল তৈরির কারখানাগুলিতে উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বোতলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে পরিবহণ সমস্যার কারণে বিয়ারের ক্যান তৈরির জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম আমদানিতেও ধাক্কা লেগেছে।
এর পাশাপাশি প্যাকেজিং খরচও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বোতলের বাইরে ব্যবহৃত কাগজের কার্টনের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। লেবেল ও টেপের মতো অন্যান্য উপকরণের মূল্যও বেড়েছে। এই প্রসঙ্গে ‘ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার’ প্রধান বিনোধ গিরি বলেন, উৎপাদন খরচ এতটাই বেড়ে গিয়েছে যে এই অবস্থায় পর্যাপ্ত উৎপাদন ক্ষমতা জারি রাখা কঠিন হয়ে পড়েছে। যার জেরে সংশ্লিষ্ট বিয়ার সংস্থা রাজ্যসরকারগুলির কাছে আবেদন জানিয়েছেন বিয়ারের দাম যেন ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।
প্রসঙ্গত, গরমের মরশুমে দেশে বিয়ারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করায় উৎপাদন বাড়ানোর চিন্তা করছে সংস্থাগুলি। তবে যুদ্ধজনিত কারণে প্যাকেজিং খরচ বৃদ্ধি পাওয়ায় বিয়ারের দামও অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।












