আইপিএলের ফাঁকেই কলকাতায় শাকিব! নাইটদের সঙ্গেও সাক্ষাৎ, হঠাৎ কেন শহরে বাংলাদেশি অলরাউন্ডার?

আইপিএল চলাকালীনই কলকাতায় এসে পৌঁছেছেন শাকিব আল হাসান। সোমবার রাতেই শহরে আসেন প্রাক্তন কেকেআর তারকা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জয়ের স্মৃতি রয়েছে তাঁর। বর্তমানে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার নিজের দেশেই কার্যত ‘নিষিদ্ধ’ অবস্থায় রয়েছেন। এমন পরিস্থিতিতে তাঁর হঠাৎ কলকাতা সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন শাকিব। পরবর্তীতে ২০২১ সালেও দলে ফেরেন তিনি। শুধু আইপিএল নয়, ভারতের মাটির সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। দেশের হয়ে ওয়ানডে ও টেস্ট—দু’টি ফরম্যাটেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতে। এরপর একাধিকবার দেশে ফেরার জল্পনা উঠলেও তা বাস্তবায়িত হয়নি। বরং দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা খুনের মামলায় গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
নিজ দেশে ফেরা সম্ভব না হলেও কলকাতায় দেখা গেল তাঁকে। বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন শাকিব। একই হোটেলে অবস্থান করছে কেকেআর দলও। ফলে বর্তমান দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। তবে এই সফরের মূল কারণ ব্যক্তিগত বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে রয়েছেন শাকিব আল হাসান। জনরোষের কারণে দেশে তাঁর খেলা কার্যত বন্ধ হয়ে যায়। যদিও নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রকের কাছে চিঠি দিয়ে শাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছে বোর্ড। প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে।











