আইপিএলে আজ নজর গুয়াহাটিতে, বৈভব সূর্যবংশী বনাম বিরাট কোহলির লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা

শুক্রবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা। অভিজ্ঞতা বনাম তরুণ প্রতিভার লড়াই একদিকে বিরাট কোহলি, অন্যদিকে উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। এই দ্বৈরথই ম্যাচের মূল আকর্ষণ হয়ে উঠেছে। এবারের আইপিএলে রাজস্থান ইতিমধ্যেই তিনটি ম্যাচ জিতেছে, অন্যদিকে বেঙ্গালুরুর ঝুলিতে রয়েছে দু’টি জয়।

দুই দলেই একাধিক তারকা ক্রিকেটার থাকলেও বিশেষ নজর কাড়ছেন বৈভব। গ্রেম স্মিথ থেকে অনিল কুম্বলে অনেকেই অপেক্ষায় রয়েছেন তাঁর আরেকটি বিস্ফোরক ইনিংস দেখার। প্রথম বলেই জশপ্রীত বুমরাহকে ছক্কা হাঁকানোর পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা বোলার বুমরাহর বিরুদ্ধে এমন আত্মবিশ্বাসী শট অনেককেই চমকে দিয়েছে। অনেকের মতে, মহাভারতের অর্জুন যেমন জলের প্রতিবিম্ব দেখে লক্ষ্যভেদ করেছিলেন, তেমনই নিখুঁত মনোযোগে বুমরাহর বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন বৈভব।
এই ম্যাচে বিরাট-বৈভব দ্বৈরথ যেমন প্রধান আকর্ষণ, তেমনই নজর থাকবে যশস্বী জয়সওয়ালের দিকেও। বৈভব ও যশস্বীর ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছে। বেঙ্গালুরুর লক্ষ্য থাকবে দ্রুত এই জুটিকে ভাঙা, অন্যদিকে রাজস্থান চাইবে বিরাট কোহলি ও ফিল সল্টকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে।
বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপে রজত পাতিদার, টিম ডেভিড এবং দেবদত্ত পাড়িক্কল রয়েছেন ভালো ফর্মে। রাজস্থানের বোলিং আক্রমণ ভাঙার দায়িত্ব থাকবে ড্যারেল ডাফির ওপর। সঙ্গে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া এবং সুয়শ শর্মা। অন্যদিকে রাজস্থানের বোলিং বিভাগে ভরসা জোফ্রা আর্চার ও রবি বিষ্ণোই, যারা প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম।











